বৃষ্টির জলে একফোঁটা তুমি
নূপুরের ঝুমে পায়েল বাজে,
হৃদয়-আরশির বিষাদিত সুরে
হারিয়ে গেছি তোমার মাঝে।

ল্যাম্পপোস্টের ঝাপসা আলোয়
মেঘেদের দেশে দহনের দিন,
সুবহে সাদিক ঝরে যেতেই
অশোধিত হবে কতশত ঋণ।

পিচঢালা পথ করে ঝকমক
বৃষ্টির জল নেয় শুষে,
এই পথটাই তোমাকে খুঁজে
জানিনা কত দুঃখ পুষে।

শহুরে কিংবা গাঁয়ের বৃষ্টিতে
শূন্য আকাশে চমক জাগে,
তবুও এই আকাশে সবার
একটা প্রিয় মানুষ লাগে।

তারপর দেখি সূর্যের আঁচড়ে
আসছে ধেয়ে সোনালি ভোর।
এবার তবে প্রবল ঝড়ে,
প্রেম-কবিতার কাটিবে ঘোর।

উৎসর্গ :

সেদিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলাম। তখন হঠাৎ আকাশ ভার করে বৃষ্টি নামল। কয়েকদিন ধরেই আকাশ খুব মেঘলা। মেঘেদের এই দীঘল দিনে আমার ভার হয়ে থাকা মনটা আচমকাই ভালো লাগতে শুরু করে। ল্যাম্পপোস্টের কোমল আলো বৃষ্টির জল চুঁইয়ে চুঁইয়ে পিচঢালা পথের ওপর পড়ছিল। সেই আলো ঝলমলে বৃষ্টির ফোঁটারা মুগ্ধ করে তোলে আমার দেহ-মন। তখন এই কবিতাটা রচিত হয়।