কবিতার পঙক্তিতে
অপরূপ সঙ্গীতে
বন্দনা খুব,
বিধাতার সৃষ্টিতে
শরতের বৃষ্টিতে
মোহনীয় রূপ।
কাশফুল পাপড়িতে
মালতির ঘ্রাণ নিতে
কত উৎসুক,
প্রকৃতি উপভোগে
উদাসীন অভিযোগে 
কত প্রিয়মুখ।
মেঘেদের ভেলা ভাসে
শরতের নীলাকাশে
টগরের মনে,
কাশেদের উড়োউড়ি 
রৌদ্রের লুকোচুরি 
শিউলির বনে।
হৃদয়ের আল্পনা 
জোছনার কল্পনা 
রাত্রির বৈভবে,
শিশিরের টুপটাপ 
মনকাড়ে চুপচাপ 
ঋতু উৎসবে। 
হৃদয়ের ক্যানভাসে 
শরতের পরবাসে 
অদ্ভুত শিহরণ, 
সূর্যের নিশিভোরে 
বিকেলের আলোঘোরে 
সোনালী কিরণ!
জীবনের সাঁঝেতে 
প্রকৃতি মাঝেতে 
ঋতুদের প্রীতি, 
অতীতের রত্মতে 
আগামীর স্বপ্নতে 
শরতের স্মৃতি।